উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম চালু, প্রথম পরীক্ষা আজ থেকে

উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে বড়সড় বদল এনে সেমেস্টার সিস্টেম চালু করা হয়েছে। এই নতুন নিয়মে প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা আজ, সোমবার থেকে শুরু হচ্ছে। এটি প্রথম পর্ব বা তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, যা পুরোটাই MCQ (মাল্টিপল চয়েস কোয়েশ্চন) ভিত্তিক হবে। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

নতুন নিয়মকানুন ও সতর্কতা
পরীক্ষার্থীরা তাদের সঙ্গে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট যেমন: ক্যালকুলেটর, মোবাইল, স্মার্টওয়াচ, বা হেডফোন রাখতে পারবেন না। যদি কারও কাছ থেকে এমন কোনো জিনিস পাওয়া যায়, তাহলে তার সব পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। তবে পরীক্ষার্থীরা স্বচ্ছ ফাইল, স্বচ্ছ বোর্ড এবং স্বচ্ছ জলের বোতল সঙ্গে রাখতে পারবেন।

OMR শিটের স্ক্যান কপি পাবে পরীক্ষার্থীরা
এই প্রথমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীদের জন্য OMR শিটের স্ক্যান কপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার পর শিক্ষার্থীরা তাদের OMR শিটের স্ক্যান কপি এবং সরকারি উত্তরপত্র (Answer Key) অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এর ফলে ফলাফল ঘোষণার আগেই তারা নিজেরাই সম্ভাব্য নম্বর হিসাব করে নিতে পারবে।

পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য
সময়সূচি: পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১:১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।

পরীক্ষার্থীর সংখ্যা: এই বছর ৬ লক্ষ ৬০ হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা (৫৬.০৩%) ছাত্রদের (৪৩.৯৭%) থেকে প্রায় ৭৯,৫৮২ জন বেশি।

পরীক্ষা কেন্দ্র: মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মালদায়।

শিক্ষার্থীর সংখ্যায় পতন: গত বছরের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের তুলনায় এই বছর তৃতীয় সেমেস্টারে ১ লক্ষ ৫ হাজার ৩৭৫ জন কম শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছে, যা প্রায় ১৩.৮ শতাংশ কম। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর অনেক শিক্ষার্থী আর উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছে না।