উইকএন্ডে হাইভোল্টেজ প্রচার: একদিকে শিলিগুড়িতে মোদির রোড-শো, অন্যদিকে কেশিয়াড়িতে মমতার পাল্টা হুঙ্কার!

আগামীকাল রবিবার শিলিগুড়িতে হাইভোল্টেজ জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর সফর ঘিরে আজ শনিবার থেকেই সরগরম উত্তরবঙ্গ। বিজেপি সূত্রে খবর, আজ বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে জনসভা শেষ করে বিকেল ৩:৪৫ নাগাদ শিলিগুড়িতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাত্রিবাসের জন্য বেছে নেওয়া হয়েছে শুকনার একটি টি-রিসর্ট, যেখানে কড়া নিরাপত্তার পাশাপাশি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।

বিজেপি নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, রবিবার কাউখালিতে বড় সভার পাশাপাশি আজ একটি বর্ণাঢ্য রোড-শো করারও পরিকল্পনা রয়েছে মোদির। যদি তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন, তবে বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় ধীরগতিতে চলবে প্রধানমন্ত্রীর কনভয়। রাস্তার দু’পাশে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন বলেও জানা গেছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে চূড়ান্ত সূচি আসার অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, প্রথম দফার ভোটের আগে উইকএন্ডের প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না শাসক দলও। আজ সকালে কেশিয়াড়িতে তৃণমূল প্রার্থী রাম মাণ্ডির সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়াতেও তাঁর কর্মসূচি রয়েছে। মোদির উত্তরবঙ্গ সফরের দিনেই মমতার জঙ্গলমহল প্রচার—সব মিলিয়ে দুই ফুল শিবিরের দ্বৈরথে আজ সরগরম গোটা রাজ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy