২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রণকৌশলে বড়সড় বদল আনল সিপিএম। এবার আর ওপর থেকে নয়, বরং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হবে দলের নির্বাচনী ইস্তেহার। এর জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি ‘বাংলা বাঁচাও’ (Bangla Bachao) নামে একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। যেখানে সরাসরি নিজেদের পরামর্শ জানাতে পারবেন ভোটাররা।
তবে সিপিএমের এই উদ্যোগকে ‘নকল’ বলে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের দাবি, এটি আসলে তাদের ‘দিদিকে বলো’ কর্মসূচির অনুকরণ। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানান, বিজেপি অনেক আগেই ড্রপ বক্সের মাধ্যমে জনমত নেওয়ার কাজ শুরু করেছে। রাজনৈতিক তরজার মাঝেই বাম শিবিরের অন্দরে আসন সমঝোতা নিয়ে তৎপরতা বেড়েছে। সূত্রের খবর, আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি জোটের জন্য ৪০টি আসন দাবি করেছেন। আসন সংখ্যা নিয়ে বড় মতভেদ না থাকলেও কিছু নির্দিষ্ট আসন নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কিছু নবীনের নাম প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত বলে মনে করা হচ্ছে।