সুইগি-জেপ্টো-র্যাপিডো থেকে শ্রমিক নেতা—কারা থাকছেন কেন্দ্রের নতুন সামাজিক সুরক্ষা বোর্ডে?

দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পাশাপাশি ক্রমবর্ধমান গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য ‘জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড’ গঠন করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০-এর ধারা ৬-এর উপ-ধারা (১) অনুযায়ী গঠিত এই বোর্ড গত ২৮ অক্টোবর, ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।
ভারতের দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতি ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোটি কোটি মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। বোর্ডে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধির পাশাপাশি অ্যাগ্রিগেটর সংস্থা, নিয়োগকর্তা, সিভিল সোসাইটি, ট্রেড ইউনিয়ন এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনের সদস্যরা রয়েছেন।
অসংগঠিত কর্মীদের জাতীয় বোর্ডের সভাপতি থাকবেন কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী এবং সহ-সভাপতি হবেন শ্রম ও রোজগার মন্ত্রকের সচিব। সদস্য-সচিব হিসেবে থাকবেন ডিরেক্টর জেনারেল লেবার ওয়েলফেয়ার। শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে বিএমএস-এর জি শ্রীনিবাস, অঞ্জলি প্যাটেল ও জি শঙ্কর, এনএফআইটিইউ-এর ডাঃ দীপক জয়সওয়াল, টিইউসিসি-এর রবিন্দর সিং, হিন্দ মজদুর সভার মুকেশ গালব এবং এআইইউটিইউসি-এর সূর্যকর জিতেন্দ্র মনোনীত হয়েছেন। শিল্প ও নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ময়ঙ্ক এফ ডায়াস, ডাঃ অনাদি এন সিনহা, রাজীব রঞ্জন, রমাকান্ত ভরদ্বাজ, যোগেশ গৌতম, সুশ্রী হর্ষ ও সঞ্জয় দত্ত। এছাড়া দেবশ্রী কলাই, অনিল ধুমনে, শ্রীনিবাস জলিগাম, হরবংশ চৌধুরী এবং লোকসভার সদস্য ডাঃ হেমাঙ্গ জোশী ও শঙ্কর লালওয়ানি বোর্ডে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক এবং মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও দিল্লির শ্রম দফতরের প্রধান সচিবরাও সদস্য হয়েছেন।
সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০-এর ধারা ১১৪-এর উপ-ধারা (৬) অনুযায়ী, এই বোর্ডই গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণ বোর্ড হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু সদস্যকে নিয়ে গঠিত বোর্ডের সদস্য-সচিব থাকবেন শ্রম ও রোজগার মন্ত্রকের যুগ্ম সচিব। সংস্থার প্রতিনিধি হিসেবে ইটারনাল গ্রুপের ডাঃ জসকিরণ বেদী, সুইগি-র নেহা সিংভি, জেপ্টো-র পাণ্ডুরঙ্গ আচার্য, আরবান কোম্পানির ঋচা মোহান্তি এবং র্যাপিডোর মনস্বী মান রয়েছেন। শ্রমিক ও বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে আইএফএটি-র ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় ও কিষাণভাই গোবিন্দভাই প্যাটানি, বিএমএস-এর অশোক কুমার শুক্লা, এনএফআইটিইউ-এর ডাঃ বিরাট জয়সওয়াল, টিইউসিসি-এর কে গণেশ রাও, ভি ভি গিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউটের ডাঃ রুমা ঘোষ এবং রাজেন্দ্র পাধি মনোনীত হয়েছেন। সরকারি আধিকারিকদের মধ্যে রয়েছেন ইএসআইসি-র ডিরেক্টর জেনারেল, ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডेंट ফান্ড কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির শীর্ষ শ্রম আধিকারিকরা।
গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক কল্যাণে নীতি নির্ধারণ করাই এই বোর্ডের লক্ষ্য। এর প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে উপযুক্ত কল্যাণমূলক প্রকল্পের সুপারিশ করা, সামাজিক সুরক্ষা বিধি বাস্তবায়নে কেন্দ্রকে পরামর্শ দেওয়া, কেন্দ্রীয় প্রকল্পগুলির নজরদারি করা এবং রাজ্য স্তরে নথি সংরক্ষণ ও তহবিলের ব্যয় পর্যালোচনা করা।