মরুরাজ্যে গেরুয়া শিবিরে বড় ধাক্কা! ৩৭ জেলার মধ্যে ৩৩টিতেই বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়জয়কার

রাজস্থানের গ্রামীণ স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত নির্বাচনে শাসকদল বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে অভাবনীয় সাফল্য পেল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ—দুই স্তরেই গেরুয়া শিবিরকে অনেকটাই পিছনে ফেলে বিপুল সংখ্যক আসন দখল করেছে হাত শিবির। রাজ্যের মোট ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলায় এবারের ভোটগণনা সম্পন্ন হয়েছে, যেখানে গ্রামবাংলার ভোটারদের রায় স্পষ্টতই কংগ্রেসের পক্ষে গিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির মোট ৭,৫৪৩টি আসনের মধ্যে ৭,৩৯৩টি আসনের ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে একাই ৩,৭০১টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির ঝুলিতে গিয়েছে ২,১৮১টি আসন। কেবল পঞ্চায়েত সমিতিই নয়, জেলা পরিষদ স্তরেও দাপট বজায় রেখেছে কংগ্রেস। ১,২৭৫টি জেলা পরিষদ আসনের মধ্যে প্রকাশিত ৯৮১টি আসনের ফলাফলে কংগ্রেস পেয়েছে ৫৯৯টি আসন, যেখানে বিজেপি আটকে গিয়েছে ৩০১টি আসনে। সামগ্রিকভাবে ৩৭টি জেলার মধ্যে ৩৩টি জেলাতেই বিজেপির তুলনায় অনেক ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপি কেবলমাত্র আজমের, বালোতরা, সালুম্বর এবং উদয়পুর—এই চারটি জেলায় এগিয়ে থাকতে সক্ষম হয়েছে।
এবারের নির্বাচনে আঞ্চলিক দল ও নির্দল প্রার্থীদের উপস্থিতিও বেশ নজর কেড়েছে। নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) পঞ্চায়েত সমিতিতে ৪৯৬টি এবং জেলা পরিষদে ৩৭টি আসনে জয় পেয়েছে। ভারত আদিবাসী পার্টি (বিএপি) পঞ্চায়েত সমিতিতে ২৭৬টি এবং জেলা পরিষদে ২২টি আসন দখল করেছে। এছাড়া বহুজন সমাজ পার্টি (বিএসপি) পঞ্চায়েত সমিতিতে ৬০টি ও জেলা পরিষদে ৬টি, সিপিআই(এম) পঞ্চায়েত সমিতিতে ৫০টি ও জেলা পরিষদে ৬টি এবং আম আদমি পার্টি (আপ) পঞ্চায়েত সমিতিতে দুটি আসনে জয়ী হয়েছে। পাশাপাশি, নির্দল প্রার্থীরা পঞ্চায়েত সমিতিতে ৬২৭টি এবং জেলা পরিষদে ১০টি আসনে জয় ছিনিয়ে নিয়েছেন।
জেলাভিত্তিক ফলাফলেও স্পষ্ট কংগ্রেসের আধিপত্য। রাজধানী জয়পুরে বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস ২১৬টি আসনে জিতেছে, যেখানে বিজেপি পেয়েছে মাত্র ৮৭টি আসন। যোধপুরে কংগ্রেস ১৯৫টি আসন পেলেও বিজেপি জিতেছে ৯৮টি আসনে। বিকানেরে কংগ্রেসের ১৫৫টি আসনের বিপরীতে বিজেপি পেয়েছে ৬৫টি আসন। দৌসায় কংগ্রেস ১৩৫টি ও বিজেপি ৫৯টি এবং সিকারে কংগ্রেস ১৭৯টি ও বিজেপি ৮৭টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনের ফলাফল সামনে আসার পর পরাজয়ের দায় স্বীকার করে নিয়েছেন রাজস্থান বিজেপির মুখপাত্র রামলাল শর্মা। তিনি জানান, দলের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি; কোথায় কী খামতি রয়েছে তা খতিয়ে দেখে আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট এই জয়কে মানুষের রায় বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, রাজ্যের গ্রামাঞ্চলের কৃষক, শ্রমিক এবং মহিলারা এই ফলাফলের মাধ্যমে শাসকদলকে স্পষ্ট বার্তা দিয়েছেন।