যুদ্ধ থামার ইঙ্গিত থাকলেও কাটছে না শঙ্কা। ইরানের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কথা বিবেচনা করে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য এবার ‘রেড অ্যালার্ট’ জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। ৭ এপ্রিলের অ্যাডভাইসরি এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে দূতাবাস স্পষ্ট জানিয়েছে যে, যে সকল ভারতীয় এখনও ইরানে অবস্থান করছেন, তাঁরা যেন অবিলম্বে দেশ ছেড়ে চলে আসেন।
দূতাবাসের পক্ষ থেকে ভারতীয়দের সতর্ক করা হয়েছে যে, তারা যেন কোনো অবস্থাতেই দূতাবাসের পূর্বানুমতি ছাড়া আন্তর্জাতিক স্থল সীমান্তে না যান। পরিবর্তে, দূতাবাসের দেওয়া নির্দিষ্ট রুট ব্যবহার করেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষ যেন যে কোনো ইলেকট্রিক ও মিলিটারি সরঞ্জাম এড়িয়ে চলেন এবং বহুতল ভবনের উপরের তলায় অবস্থান না করেন। গতকালই ৪৮ ঘণ্টার জন্য সকলকে ঘরবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে আজকের এই চরম সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে ইরান পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হতে পারে যেকোনো সময়।





