ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলা এক মাসেরও বেশি সময়ের রক্তক্ষয়ী সংঘাত এখন আর কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, লেবানন, সিরিয়া থেকে শুরু করে সৌদি আরব—ইতিমধ্যেই এক ডজনেরও বেশি দেশ এই যুদ্ধের আঁচে দগ্ধ। বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক, এই আঞ্চলিক সংঘাত কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে? আন্তর্জাতিক ইতিহাসের বিশেষজ্ঞরা এই পরিস্থিতির সঙ্গে ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ভয়ঙ্কর মিল খুঁজে পাচ্ছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান সতর্ক করে জানিয়েছেন, কোনো যুদ্ধই সাধারণত খুব পরিকল্পনা করে শুরু হয় না; বরং ভুল বোঝাবুঝি বা ছোট কোনো দুর্ঘটনা থেকেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঠিক যেমন আর্চডিউক ফার্দিনান্দের হত্যা থেকে শুরু হয়েছিল মহাবিপর্যয়। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। কিংস কলেজের অধ্যাপক জো মাইওলোর মতে, যখন সব পরাশক্তি একসঙ্গে জড়িয়ে পড়ে, তখনই তা ‘বিশ্বযুদ্ধ’ হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা সেই পথেই এগোচ্ছে কি না, তা নিয়েই এখন বিশ্বজুড়ে বাড়ছে চরম উদ্বেগ।





