ইরান-আমেরিকা দুই সপ্তাহের যুদ্ধবিরতি; খুলছে হরমুজ প্রণালী কিন্তু কেন বাড়তে পারে তেলের দাম?

অবশেষে ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শান্তি আলোচনার পথে হাঁটল ইরান ও আমেরিকা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় দুই দেশ আপাতত দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আর এই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুনরায় খুলতে চলেছে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’। তবে হরমুজ খুললেও ভারত সহ বিশ্বের একাধিক দেশে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এক নতুন সিদ্ধান্তের কারণে।
এতদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য কোনো কর বা টোল দিতে হতো না। কিন্তু সূত্রের খবর, এবার ইরান ও ওমান যৌথভাবে এই ৩৪ কিলোমিটার দীর্ঘ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ‘ট্রানজিট ফি’ বা টোল নেওয়ার পরিকল্পনা করছে। সংবাদসংস্থা এপি ও রয়টার্স জানাচ্ছে, যুদ্ধের ফলে ইরানের যে বিপুল পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মেরামতির খরচ তুলতেই জাহাজের আয়তন ও মালের ওপর ভিত্তি করে এই কর নেওয়া হবে।
যদিও রাষ্ট্রপুঞ্জের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক জলপথে এমন কর নেওয়া নিষিদ্ধ, কিন্তু ইরান ও ওমান এই পথে যাতায়াতের জন্য প্রোটোকল তৈরির কাজ চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহি ও কাতার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেও তেহরান অনড়। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার বদলে উল্টে আমদানির খরচ বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আগামী ১০ এপ্রিল এই বিষয়ে চূড়ান্ত শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।