মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো করে ফের এক চাঞ্চল্যকর দাবি করল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। শুক্রবার ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকার আরও একটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। ইরানের দাবি, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে বিমানটি মধ্য ইরানে ভেঙে পড়ে এবং এতে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
গত ১৯ মার্চের পর এটি দ্বিতীয়বার যখন ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী এই যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করল। তেহরানের সরকারি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানিয়েছে, ব্রিটিশ বিমানঘাঁটি লেকেনহিথ থেকে আসা এই যুদ্ধবিমানটি ধ্বংসের ফলে বড়সড় বিস্ফোরণ ঘটে। যদিও আমেরিকার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দাবি সরকারিভাবে স্বীকার করা হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এর আগে জানিয়েছিল যে, তাদের কোনো বিমান ধ্বংস হয়নি, তবে একটি F-35 জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। এই পাল্টাপাল্টি দাবির ফলে গোটা বিশ্বে তেলের বাজারে যেমন অস্থিরতা তৈরি হয়েছে, তেমনই বড় মাপের যুদ্ধের আশঙ্কাও তীব্র হচ্ছে।





