পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি সংকটের মাঝে ভারতের পাশে দাঁড়াল ‘বন্ধু রাষ্ট্র’ রাশিয়া। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতকে নিরবিচ্ছিন্ন তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পুতিন প্রশাসন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধের আবহে যখন বিশ্ববাজারে তেলের জোগান অনিয়মিত, তখন রাশিয়ার এই আশ্বাস দিল্লির জন্য বড় স্বস্তি।
অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত নিয়ে গত কয়েকদিন ধরে চলা এক চাঞ্চল্যকর জল্পনার অবসান ঘটাল ভারতের বিদেশ মন্ত্রক। শোনা যাচ্ছিল, ইরান এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজ পিছু ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) টোল ফি দাবি করছে। ভারতকেও কি এই বিপুল টাকা দিয়ে তেল আনতে হচ্ছে? এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, “ইরানের সঙ্গে এই ধরনের কোনও টোল ফি নিয়ে আলোচনা হয়নি।” অর্থাৎ, কোটি কোটি টাকা দিয়ে জাহাজ ছাড়িয়ে আনার খবরটি কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দিল্লি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলির জন্য কিছু জাহাজ ছাড়লেও তা পর্যাপ্ত নয়। এই সংকটের মোকাবিলায় রাশিয়া পুনরায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একদিকে রাশিয়ার সরবরাহ বৃদ্ধি এবং অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগ—উভয় পথেই দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে মরিয়া ভারত সরকার।





