‘ইমরান খান কি বেঁচে আছেন?’ জেলবন্দি নেতাকে ঘিরে বিশ্বজুড়ে জল্পনা, মৃত্যু গুজব নিয়ে মুখ খুললেন বোন!

২০২৩ সাল থেকে একাধিক মামলায় জেলবন্দি ইমরান খানকে আদিয়ালা জেলে ‘আইসোলেশনে’ রাখা হয়েছিল। এর মধ্যেই রটনা ছড়ায়, জেলেই নাকি মারা গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সত্যিটা জানতে চেয়ে দিন কয়েক আগেই আদিয়ালা জেলের বাইরে জড়ো হন ইমরান খানের বোনরা, কিন্তু তাঁরা চরম হেনস্থার শিকার হন। তাঁদের চুলের মুঠি ধরে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বর্তমান পাক সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
সংবাদ সংস্থা এএনআই-এর কাছে মুখ খুলে বর্তমান পাক সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইমরানের বোন নওরীন নিয়াজি। তিনি বলেন, “মহিলা-পুরুষ মানা হচ্ছে না…আগে কোনোদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হতো না, একেবারে হিটলারের যুগের মতো অত্যাচার চলছে। পাকিস্তান সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নাগরিকদের হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং কোনো রকম কারণ ছাড়াই জেলে পাঠানো হচ্ছে।”

নওরীন নিয়াজির অভিযোগের মূল লক্ষ্য সামরিক প্রধান আসিম মুনীর। তিনি বলেন, “পাকিস্তানে এই প্রথমবার এমনটা হচ্ছে, শিশু-বৃদ্ধ, কিছুই পরোয়া করা হচ্ছে না…মাঝে মাঝে আমার মনে হয় হিটলারের আমলের গল্পগুলো…সেসময় যেভাবে মানুষকে বেসমেন্টে টেনে নিয়ে যাওয়া হতো, এখানে তারই পুনরাবৃত্তি হচ্ছে।”

‘মৃত্যুর গুজব’ কেন ছড়াল?
ইমরানের সঙ্গে দেখা করতে না দেওয়ায় এই গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন নওরীন। তিনি বলেন, “আমরা গত চার সপ্তাহ ধরে সেখানে (জেলে) যাচ্ছি, আর ওরা আমাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এই কারণেই এমন গুজব ছড়ানো হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা তো শুনছি ভারত থেকে প্রথম ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়, জানি না এ খবর তারা কোথা থেকে পেল।”

জেলবন্দি ইমরানের পরিস্থিতি
নওরীন নিয়াজি অভিযোগ করেন, ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছিল, যেখানে ৪ দিনের বেশি কাউকে রাখা যায় না। কিন্তু তাঁকে গত বছরও তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হয়েছিল। যেখানে তিনি ছিলেন, সেখানে বিদ্যুৎ ছিল না, খবরের কাগজ দেওয়া হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি বলেন, “এখন কেমন আছেন কেউ জানে না।…মানুষ কিন্তু এখন ক্ষেপে আছে, একটা আগুনের ফুলকির অপেক্ষা।” নওরীন দাবি করেন, মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত, এই পরিস্থিতিতে দেশের মানুষের কোনো সমর্থনই বর্তমান সরকারের সঙ্গে নেই।