ইনস্টাগ্রামে প্রেম, পরিণতি খুনে! লিভ-ইন সঙ্গিনীকে খুন করে দেহ নিয়ে সেলফি তুলল প্রেমিক

ইনস্টাগ্রামে প্রেমের শুরু, পরিণতি হলো এক নৃশংস খুনে। উত্তর প্রদেশের কানপুরে লিভ-ইন সঙ্গিনী আকাঙ্ক্ষাকে (২০) খুন করার অভিযোগে তার প্রেমিক সূরজ কুমার উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ। সবচেয়ে ভয়ংকর তথ্যটি হলো, খুনের পর সূরজ তার এক বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকার দেহ ব্যাফের ভরে বাইকে করে নিয়ে যাওয়ার সময় সেলফিও তুলেছে।

সূরজ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। প্রায় দুই মাস আগে সে জানতে পারে আকাঙ্ক্ষা অন্য এক পুরুষের সঙ্গে কথা বলছে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে সূরজ রাগের মাথায় আকাঙ্ক্ষার মাথা দেওয়ালে ঠুকে দেয় এবং এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

আকাঙ্ক্ষার মৃত্যুর পর সূরজ তার বন্ধু আশীষ কুমারকে ফোন করে ডেকে আনে। এরপর দুজনে মিলে আকাঙ্ক্ষার দেহ একটি ব্যাগে ভরে। পরিকল্পনা ছিল, বাইকে করে প্রায় ১০০ কিলোমিটার দূরে বান্দায় যমুনা নদীতে দেহটি ফেলে দেবে। এই জঘন্য কাজের সময় দুই বন্ধু মিলে ব্যাগের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলে, যা পুলিশের তদন্তে উঠে এসেছে।

গত ৮ আগস্ট আকাঙ্ক্ষার মা তার মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন এবং সূরজের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ আনেন। দীর্ঘ তদন্তের পর গত বৃহস্পতিবার পুলিশ সূরজ ও তার বন্ধু আশীষকে হেফাজতে নেয়। প্রথমে তারা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও, কড়া জেরার মুখে সব সত্যি স্বীকার করে নেয়। সূরজ জানায়, সে ২১ জুলাই আকাঙ্ক্ষাকে খুন করেছে। বর্তমানে দুই অভিযুক্তই জেল হেফাজতে রয়েছে এবং পুলিশি তদন্ত চলছে।