ইডির জালে বালি মাফিয়া, ঝাড়গ্রাম থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

ঝাড়গ্রামে বালি পাচার চক্রের তদন্তে নেমে বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গোপীবল্লভপুরের বালি ব্যবসায়ী শেখ জহিরুল আলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এখনও পর্যন্ত গণনা শেষ না হলেও, প্রায় ১২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। জহিরুলের বাড়ি এবং গাড়িতেও তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা।

এই প্রথমবার বালি পাচারের মতো ঘটনায় সরাসরি তদন্তে নেমেছে ইডি। সোমবার সকালেই গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর পাড়ে অবস্থিত জহিরুলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এলাকায় বালি ব্যবসার জন্য জহিরুলের ব্যাপক প্রতিপত্তি রয়েছে। স্থানীয়দের অনেকেই তার অধীনে কাজ করেন, যে কারণে জহিরুলের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হন না।

ইডি সূত্রে খবর, জহিরুল আলি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি ব্যবসা চালাচ্ছিলেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখছে ইডি। এই ঘটনায় আরও বড় কোনও চক্রের সন্ধান মেলে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।