ইঁদুরে খেল মাদক! গুজরাট পুলিশের আজব সাফাইয়ে ঘনিয়ে উঠছে রহস্য

গুজরাট পুলিশের মালখানায় রাখা বিপুল পরিমাণ মাদক সাবাড় করছে ইঁদুর! কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর সাম্প্রতিক একটি রিপোর্টে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, গত ১২ বছরে বাজেয়াপ্ত করা প্রায় ২,৩৩২ কেজি মাদক রহস্যজনকভাবে ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছে। শতাংশের নিরিখে যা মোট বাজেয়াপ্ত মাদকের প্রায় ৩৫ শতাংশ।

সিএজি তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে গুজরাটের বিভিন্ন পুলিশ ইউনিট ৬,৫১০ কেজিরও বেশি মাদক বাজেয়াপ্ত করেছিল। কিন্তু ধ্বংস করার সময় দেখা যায় বিশাল পরিমাণ মাদকের হদিশ নেই। রাজ্য স্বরাষ্ট্র দফতর এ বিষয়ে কৈফিয়ত তলব করলে পুলিশ আধিকারিকরা দাবি করেন, এই মাদকের একটি বড় অংশ ইঁদুরে খেয়ে ফেলেছে এবং কিছু অংশ চুরি হয়ে গিয়েছে। এমনকি গাঁজা ও আফিমের মতো মাদক শুকিয়ে ওজন কমে যাওয়ার যুক্তিও দেওয়া হয়েছে।

তবে পুলিশের এই অদ্ভুত সাফাইয়ে মোটেই সন্তুষ্ট নন অডিটররা। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ফরেনসিক পরীক্ষায় দীর্ঘসূত্রিতা এবং সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো না থাকাই এই বিপুল ঘাটতির মূল কারণ। কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা ছাড়াই বছরের পর বছর মাদক ফেলে রাখায় তা নষ্ট বা চুরি হওয়ার ঝুঁকি বাড়ছে। ইঁদুরের দোহাই দিয়ে এই বিশাল পরিমাণ মাদকের গরমিল আদতে বড়সড় গাফিলতির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে সিএজি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy