আহমেদাবাদের এসপি স্টেডিয়াম সংলগ্ন একটি অভিজাত স্পোর্টস ক্লাবে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া একটি চিঠি উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আহমেদাবাদ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্লাবের ১১৯ নম্বর কক্ষে পাওয়া এই চিঠিতে সন্ত্রাসী সংগঠন ‘লস্কর-ই-তৈবা’ এবং আন্ডারওয়ার্ল্ড ডন ‘দাউদ ইব্রাহিম’-এর নাম উল্লেখ করে আগামী ২১শে জুন বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত:
সূত্রের খবর, ক্লাবটির ১১৯ নম্বর কক্ষটি ২৯শে মে একজন স্থানীয় চিকিৎসকের রেফারেন্সে বুক করা হয়েছিল। সেখানে তিনজন তানজানিয়ান ব্যবসায়ী অবস্থান করছিলেন এবং ৩০শে মে তাঁরা চেক-আউট করেন। পরবর্তীতে কক্ষটি পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আলমারির ভেতর থেকে পেন্সিলে লেখা একটি রহস্যময় চিঠি খুঁজে পান। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২১শে জুন ওই স্পোর্টস ক্লাবে বোমা হামলা চালানো হবে।
তদন্তে নিরাপত্তা বাহিনী:
হুমকির খবর পাওয়া মাত্রই আহমেদাবাদ পুলিশের বোম স্কোয়াড, স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা ধরে ক্লাবের প্রতিটি কোণায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। যদিও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি, তবুও পুলিশ কোনো ঝুঁকি নিতে নারাজ। ডিসিপি হর্ষদ প্যাটেল জানিয়েছেন, পুরো ক্লাব এলাকাটি বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে।
পুলিশের তদন্তের অভিমুখ:
তদন্তকারী অফিসাররা এখন ওই তানজানিয়ান ব্যবসায়ীদের ওপর বিশেষ নজর রেখেছেন। পুলিশ জানিয়েছে, যে চিকিৎসকের রেফারেন্সে ওই ব্যক্তিরা ক্লাব রুমে ছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই চিঠিটি কি চেক-আউট করার সময় সেখানে রাখা হয়েছিল, নাকি তার আগেই? বিদেশি নাগরিকরা বর্তমানে ভারতেই অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের দ্রুত খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। চিঠিটির হাতের লেখার সাথে তানজানিয়ান ব্যবসায়ীদের হাতের লেখা মিলছে কি না, তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।
পুরো বিষয়টি নিয়ে গোয়েন্দা বিভাগ অত্যন্ত সতর্ক। এটি কি কোনো বড়সড় সন্ত্রাসী ষড়ষন্ত্র, নাকি স্রেফ আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এই ভুয়া চিঠি লিখে রেখে গেছে, সেই রহস্য উন্মোচনে নেমেছে আহমেদাবাদ পুলিশ। ২১শে জুন তারিখটি উল্লেখ থাকায় নিরাপত্তা সংস্থাগুলো ওইদিন ক্লাব চত্বরে বিশেষ নজরদারির পরিকল্পনা করেছে। এই ঘটনার পর ক্লাবের সদস্যদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে।





