উৎসবের আবহেই নেমে এল চরম শোকের ছায়া। বাঁদনা পরব এবং দীপাবলির প্রাক্কালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (NVF) কর্মী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার অন্তর্গত মুরগাডি গ্রামে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের আবহ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মুরগাডি গ্রামের রাস্তার ধারেই চিরঞ্জিত মাহাতো নামে ওই এনভিএফ কর্মীকে গুরুতর জখম অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বোরো থানায় খবর দেওয়া হয়। বোরো থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিরঞ্জিত মাহাতোকে উদ্ধার করে বসন্তপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা এখনও সুনিশ্চিত করতে পারেনি পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনার পরই গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। চিরঞ্জিত মাহাতোর পরিবার এবং স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েছেন। বোরো থানা এলাকাতেও তৈরি হয়েছে থমথমে পরিবেশ।
এদিকে, এই ঘটনার জেরে শোকাহত বোরো থানার পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে দীপাবলি উপলক্ষে আয়োজিত সমস্ত উৎসবের অনুষ্ঠান। কেবল নিয়ম রক্ষার্থেই কালীপুজোর আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ। দুর্ঘটনার আসল কারণ উদঘাটন করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।