আলোর উৎসবে ‘হাজার ওয়াটের দ্যুতি’! ফুটপাতের প্রদীপ বিক্রেতা বৃদ্ধার সব পণ্য কিনে নিলেন পুলিশ অফিসার

উৎসব মানে শুধু নিজের আনন্দ নয়, সমাজের সকল স্তরের মানুষকে সেই আনন্দে সামিল করা। দীপাবলির (Diwali) শুভ দিনে তেমনই এক হৃদয়দ্রাহী ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা মানুষের মনে ভালোবাসা ও করুণার বার্তা ছড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের হাপুরে (Hapur) এক পুলিশ কর্মীর মানবিক উদ্যোগ হাজারো মানুষের হৃদয় ছুঁয়েছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন অফিসার ফুটপাতে বসা এক প্রদীপ বিক্রেতা বৃদ্ধার কাছ থেকে তাঁর সমস্ত পণ্য কিনে নিচ্ছেন। বৃদ্ধার করুণ মুখ দেখে স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত এই মহৎ উদ্যোগ নেন।

বৃদ্ধার আবেগঘন প্রতিক্রিয়া:

@MeghUpdates নামক একটি সোশ্যাল মিডিয়া (বর্তমানে X) অ্যাকাউন্ট থেকে আবেগঘন ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টে ক্যাপসনে লেখা হয়েছে, “এই ধনতেরাসে, মায়ের মাটির প্রদীপগুলি কোনো ক্রেতা কেনেননি। সেটা দেখে, স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত তাঁর সমস্ত প্রদীপ কিনেছেন এবং এতে কেবল তাঁর দোকানই নয়, তাঁর হৃদয়কেও আলোকিত করেছেন। হাপুর, উত্তর প্রদেশ।”

ভিডিওটিতে বৃদ্ধাকে বলতে শোনা যায় যে সারাদিন একজনও ক্রেতা তাঁর দোকানে আসেননি। কিন্তু এই পুলিশ অফিসাররা এসে সমস্ত প্রদীপ কিনে নিয়েছেন। আবেগে আপ্লুত হয়ে বৃদ্ধা অফিসারকে আন্তরিকভাবে আশীর্বাদ করেন। তিনি বলেন, “আমার আশীর্বাদ আপনার হৃদয়ে থাকুক। আপনি দীর্ঘজীবী হোন।” ভিডিওর শেষে পুলিশ অফিসার বৃদ্ধাকে ১০০০ টাকা দেন।

ভাইরাল ভিডিওতে ‘স্বদেশী’ বার্তা:

এই মানবিক উদ্যোগের মধ্যে দিয়ে দেশীয় পণ্য কেনার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “আসুন এই উৎসবের মরসুমে শপথ নিই – আমাদের স্থানীয় কারিগরদের সমর্থন করার এবং ভারতে তৈরি পণ্য কেনার।”

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়:

পুলিশ অফিসারের এই দয়ার কাজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। একজন ব্যবহারকারী এটিকে পুলিশের ‘হৃদয়গ্রাহী আচরণ’ বলে অভিহিত করে লিখেছেন, “এমন একটি পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ লক্ষ্য না করেই ছুটে চলে যায়, তাঁর সহজ দয়ার কাজ একজন বয়স্ক মহিলার দিনকে আলোকিত করল এবং এই কাজ ধনতেরাসের আসল চেতনাকে সুন্দরভাবে ধারণ করেছে।”

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সত্যিই আমার চোখে জল চলে এল। আমাদের উৎসবের মূল কথা হলো ভালোবাসা, করুণা এবং নম্রতা। একে অপরের পাশে থাকা।” বিজয় গুপ্তের এই কাজ দীপাবলির আনন্দকে আরও মহৎ করে তুলল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy