আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সামলানো সিআইএসএফ (CISF) জওয়ানদের থাকার জায়গা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে মিটতে চলেছে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার সাফ জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাসপাতালের চত্বরে থাকা ‘চাইনিজ স্কুল’ ভবনটি খালি করে দেবেন কেন্দ্রীয় জওয়ানরা। এই দীর্ঘ সময় ধরে স্কুলের পঠনপাঠন ব্যাহত হওয়ার যে অভিযোগ উঠছিল, এই সিদ্ধান্তের ফলে তার অবসান হতে চলেছে।
গত কয়েক মাস ধরে আরজি করের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন কয়েকশো সিআইএসএফ জওয়ানি। তাদের থাকার পর্যাপ্ত জায়গা না থাকায় চাইনিজ স্কুলের একটি অংশ ব্যবহার করা হচ্ছিল। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে মামলা দায়ের হয়। এদিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী আদালতকে আশ্বস্ত করেন যে, জওয়ানদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে তাঁরা স্কুল ভবন ছেড়ে দেবেন।
আদালত এই প্রতিশ্রুতি নথিভুক্ত করেছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়াটি শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্য আরও জানিয়েছে যে, জওয়ানদের জন্য স্থায়ী বা বিকল্প আবাসন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাতে হাসপাতালের নিরাপত্তায় কোনো প্রভাব না পড়ে। এই খবরে স্বস্তিতে স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবক মহল। আরজি করের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যেই এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।