আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের একগুচ্ছ প্রশ্ন তুলে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। মঙ্গলবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ACJM) এজলাসে হাজিরা দেন তাঁরা। তাঁদের স্পষ্ট দাবি, এই নৃশংস অপরাধে কেবলমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় জড়িত ছিল না; ডিএনএ রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ বলছে অপরাধে একাধিক ব্যক্তির যোগ রয়েছে।
আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টে সিবিআই-এর জমা দেওয়া চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনও কার্যকরী পদক্ষেপ করছে না বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার বাবা জানান, বারবার তাঁদের মামলা শুনানির তালিকায় থাকলেও তা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে ক্ষোভ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন তাঁরা। পরিবারের আশঙ্কা, মূল অপরাধীদের আড়াল করতেই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিন আদালতে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির নামও উল্লেখ করা হতে পারে বলে সূত্রের খবর, যা এই মামলার মোড় আমূল বদলে দিতে পারে।