আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের এক মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। লিফট বিভ্রাটে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার বিনা চিকিৎসায় বা গাফিলতির অভিযোগে প্রাণ হারালেন এক বৃদ্ধ। অভিযোগ, ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি থাকা সত্ত্বেও শৌচালয় ব্যবহারের জন্য তাঁকে হাসপাতালের বাইরে ‘সুলভ শৌচালয়’-এ পাঠানো হয়েছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রোগী কল্যাণ সমিতির সদস্য তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
সূত্রের খবর, নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত (৪৫) শ্বাসকষ্ট ও নাক দিয়ে রক্তপাতের সমস্যা নিয়ে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন। সোমবার সকালে তিনি শৌচালয়ে যেতে চাইলে দায়িত্বরত কর্মীরা তাঁকে জানান, ট্রমা কেয়ারের ভেতরের শৌচালয়গুলি সংস্কারের কারণে বন্ধ। এরপর কোনও ট্রলি বা হুইলচেয়ার ছাড়াই তাঁকে হাসপাতালের বাইরের পে-অ্যান্ড-ইউজ শৌচালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সেখানেই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান এবং কিছুক্ষণ পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অতীন ঘোষ। তিনি সরাসরি হাসপাতালের চিকিৎসকদের ওপর দায় চাপিয়ে বলেন, “ট্রমা কেয়ারে রোগীদের শৌচালয় দীর্ঘদিন ধরে কেন বন্ধ থাকবে? যদি বন্ধ থাকেও, তবে স্টাফদের জন্য নির্দিষ্ট শৌচালয় থাকতে কেন একজন মুমূর্ষু রোগীকে বাইরে পাঠানো হল? এটা চরম অমানবিকতা।” তিনি আরও যোগ করেন যে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা সংস্কারের অজুহাতে রোগীদের পরিষেবা বিঘ্নিত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে।