‘আমেরিকায় এলে ২৫ হাজার মৃত্যু হতো!’ মাদক সাবমেরিন ধ্বংস নিয়ে বিস্ফোরক ট্রাম্প, নিকেশ ২ ‘জঙ্গি’,

মাদকের এক সুপরিচিত পাচার রুট ধরে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসা একটি সন্দেহভাজন ‘সাবমেরিন’ বা আধা-নিমজ্জিত জাহাজ ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে এই অভিযানের কথা জানিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন।

ফেন্টানাইল বোঝাই সাবমেরিন ধ্বংস

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, “মাদকের বিশাল একটি সাবমেরিন ধ্বংস করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়, এটি একটি সুপরিচিত মাদক পাচারের রুট ধরে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল।” তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এই জাহাজে মূলত ফেন্টানাইল এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য বোঝাই ছিল।

সাবমেরিনটি ধ্বংস করা নিয়ে ট্রাম্প এক বিস্ফোরক সতর্কতা জারি করে বলেন, “দুই জঙ্গি নিহত হয়েছে। যদি আমি এই সাবমেরিনকে উপকূলে আসতে দিতাম, তবে কমপক্ষে ২৫ হাজার আমেরিকান মারা যেতেন।”

পেন্টাগন হামলার একটি সাদা-কালো ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আধা-নিমজ্জিত জাহাজটি ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তার পিছনের অংশে একাধিক বিস্ফোরণ আঘাত হানছে।

ধৃত ২ ‘জঙ্গি’কে প্রত্যর্পণ

এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। সাবমেরিন থেকে বেঁচে থাকা দুই ‘জঙ্গি’কে আটক করা হয়েছে এবং তাদের নিজ নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় আটক ও বিচারের জন্য ফেরত পাঠানো হচ্ছে।

ট্রাম্পের কড়া বার্তা, “আমার নজরদারিতে, মার্কিন যুক্তরাষ্ট্র স্থল বা সমুদ্রপথে মাদক পাচারকারী সন্ত্রাসবাদীদের রেয়াত করবে না।”

সেপ্টেম্বরের শুরু থেকে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে এটি ছিল ক্যারিবিয়ানে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ষষ্ঠ হামলা। এই অভিযানের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।