সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যে জল্পনা চলছিল, তা এক নিমেষে উড়িয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া একটি এআই (AI) ভিডিওর দাবি ছিল, নেতানিয়াহুর মৃত্যু হয়েছে এবং সেই ভিডিওতে তাঁর হাতে ছটি আঙুলও দেখা গিয়েছিল। এবার এই সমস্ত গুজবকে পাত্তা না দিয়ে মজার ছলে ভিডিও বার্তা দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে নেতানিয়াহুকে একটি ক্যাফেতে কফি পান করতে দেখা যায়। হাতে কফির কাপ নিয়ে তিনি কৌতুকের সুরে বলেন, “আমি মরে গিয়েছি…কফির জন্য!” অর্থাৎ কফির প্রতি তাঁর ভালোবাসা এবং ভাইরাল হওয়া গুজবকে ব্যঙ্গ করেই এই মন্তব্য করেন তিনি। এরপরই ইজরায়েলের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা কি জানেন, আমি আমার জনগণের জন্য মরে যাচ্ছি।”
ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তাঁর হাত দেখানো। এআই ভিডিওতে তাঁর হাতে ছয়টি আঙুল দেখানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি ক্যামেরা সামনে নিজের হাত তুলে আঙুল গুনে দেখান যে, সত্যিই তাঁর পাঁচটি আঙুল রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর আগেই এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। শুধু গুজব খণ্ডনই নয়, ইরানের উপর হামলার তেজ আরও বাড়ানোর বিষয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি। নাগরিকদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, জনগণের উপস্থিতিতেই সরকার ও তিনি নিজে শক্তি পান। ইরানের রেভোলিউশনারি গার্ডসের হুমকির আবহে তাঁর এই ভিডিও বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।