ইরান ও ইজরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধ এবার এক নয়া মোড় নিল। এতদিন আমেরিকা ও ইজরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার দাবি করলেও, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে দুই দেশের ফাটল প্রকাশ্যে এল। ইরানের গুরুত্বপূর্ণ ‘সাউথ পার্স’ গ্যাস ফিল্ডে ইজরায়েলি হামলার তীব্র বিরোধিতা করে ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী সেনাই তাকাইচির সঙ্গে ওভাল অফিসে আলাপচারিতার সময় ট্রাম্প দাবি করেন, “আমি ওঁকে (নেতানিয়াহু) পরিষ্কার বলেছিলাম এটা করবেন না। আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ভালোই চলছিল, কিন্তু মাঝেমধ্যে উনি এমন কিছু করেন যা আমার পছন্দ নয়।” বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে এই হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে, যা নিয়ে উপসাগরীয় দেশগুলিও ট্রাম্পের কাছে দরবার করেছে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখার জন্য।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প আরও স্পষ্ট করেন যে, ইজরায়েল ও আমেরিকা দুই স্বাধীন রাষ্ট্র হলেও সমন্বয়ের অভাব যুদ্ধের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। একদিকে ইরান যেমন প্রতিশোধমূলক হামলা চালিয়ে জ্বালানি পরিকাঠামো ধ্বংস করছে, অন্যদিকে আমেরিকার পরামর্শ উপেক্ষা করে ইজরায়েলের একতরফা সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই দ্বৈরথ কবে থামবে, তা নিয়ে এখন গোটা বিশ্ব চিন্তিত।