‘আমি করিনি, ঈশ্বর করেছেন’! ভরা এজলাসে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার পর অদ্ভুত দাবি আইনজীবীর

সুপ্রিম কোর্টের ভরা এজলাসে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবীকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। যদিও এই ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর অনুতপ্ত নন বলেই জানিয়েছেন।
আইনজীবীর অদ্ভুত দাবি
ঘটনাটি ঘটে সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে, যখন প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছিল। অভিযোগ, সেই সময়ই এক আইনজীবী প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টা করেন। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন এবং এজলাসের বাইরে নিয়ে যান।
পিটিআই সূত্রে খবর, তাঁকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন: “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।”
পরবর্তী সময়ে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর গোটা ঘটনাটি নিয়ে অদ্ভুত দাবি করেন। তিনি বলেন,
“এটা আমি করিনি। ঈশ্বর করেছেন।”
সুপ্রিম কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা
সোমবার সকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের ওকালতির লাইসেন্স নিলম্বিত করে দেয় বার কাউন্সিল। পাশাপাশি, তাঁর এন্ট্রি কার্ডও বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে তাঁর ঢোকার উপরেও কার্যত নিষেধাজ্ঞা আরোপিত হল। এই ঘটনা ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হলো।