রাজ্যে লোকসভা নির্বাচনের মুখে বড়সড় স্বস্তি পেল জাতীয় নির্বাচন কমিশন। গত ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে রাজ্যে ৪৬ জন IAS ও IPS আধিকারিককে বদলি করার যে সিদ্ধান্ত কমিশন নিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। আইনজীবী অর্ক কুমার নাগের দায়ের করা জনস্বার্থ মামলাটি মঙ্গলবার খারিজ করে দিয়েছে আদালত।
নির্বাচন কমিশনের এই গণ-বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবং ওই আধিকারিকদের পুরনো পদে পুনর্বহালের দাবিতে মামলাটি করা হয়েছিল। তবে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনের এই প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। ফলে নির্বাচনের আগে কমিশনের রদবদল করা অফিসাররাই তাঁদের বর্তমান পদে বহাল থাকছেন। আইনি লড়াইয়ে এই জয় কমিশনের হাত শক্ত করল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।