“আমরা হারিনি, হারানো হয়েছে!” দিল্লিতে ‘ভ্যানিশ কুমার’কে তুলোধোনা মমতার, হুঁশিয়ারি তরুণ প্রজন্মের!

দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান থেকে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে আক্রমণ তীব্র করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক মঞ্চে দাঁড়িয়ে দুই পক্ষকেই বিঁধে তাঁর বিস্ফোরক দাবি— “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।”
কেন্দ্রীয় শাসক দল ও নির্বাচন কমিশনকে একাসনে বসিয়ে তীব্র আক্রমণ শানান মমতা। বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে ‘ভ্যানিশ কুমার’ নাম ব্যবহার করে কমিশন ও কেন্দ্রীয় সংস্থাকে তুলোধোনা করেন তিনি। একই সাথে মোদী সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন তৃণমূল নেত্রী।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এই অন্যায়ের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ গর্জে উঠবে। সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের পাশে ‘অভিভাবক’ হিসেবে দাঁড়িয়ে তাঁর হুঙ্কার— “এই অন্যায় ও কারচুপির যোগ্য জবাব দেবে দেশের যুব সম্প্রদায়।”
রামলীলা ময়দানের এই জনসভা থেকে মমতার এমন চাঁছাছোলা আক্রমণ জাতীয় রাজনীতিতে যে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।