আমফান ত্রাণ দুর্নীতিতে ক্যাগ রিপোর্ট প্রকাশ শনিবারে! প্রমাণ মিললে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ছাড় নয়, হুঙ্কার শুভেন্দুর

বহু প্রতীক্ষিত আমফান ত্রাণ দুর্নীতির ক্যাগ (CAG – Comptroller and Auditor General of India) রিপোর্ট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, আগামী শনিবার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে এই রিপোর্ট। আগের সরকার বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও এই ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ বা আলোচনা করেনি বলে অভিযোগ তুলেছেন তিনি।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
আইনানুগ কঠোর পদক্ষেপ: বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ক্যাগ রিপোর্টে যেখানে যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানেই কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রভাবশালী নেতা– যে-ই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সুপারিশ রাজ্যপালের কাছে পাঠানো হবে।
আমফানের ৩,৭৫০ কোটি টাকার হিসাব: ২০২০ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে ত্রাণ ও আর্থিক সহায়তা বাবদ দুই দফায় ৩,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
দুর্নীতির অভিযোগ ও হাইকোর্ট: কিন্তু সেই ত্রাণ বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত হন বলে অভিযোগ করেন অনেকে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে একটি বিশেষ ক্যাগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর দাবি, সেই তদন্তের রিপোর্ট এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এবং কোনও পদক্ষেপ করা হয়নি।