মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই প্রকম্পিত হয়ে উঠল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। আফগান তালিবান বাহিনীর ড্রোন হামলায় গুঁড়িয়ে গেল পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ চকললা ক্যান্টনমেন্টের একটি চিনা তৈরি HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, কাবুলের মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলার বদলা নিতেই এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।
সোমবার রাতে পাকিস্তানের এয়ারস্ট্রাইকে কাবুলের একটি হাসপাতালে অন্তত ৪০০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন চিকিৎসাধীন রোগী, ডাক্তার ও স্বেচ্ছাসেবকরা। এই নৃশংসতাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে তালিবান নেতৃত্ব চরম প্রতিশোধের হুমকি দিয়েছিল। আজ ভোরে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে সরাসরি পাকিস্তানের সামরিক সদর দফতরের দোরগোড়ায় আঘাত হেনে সেই কথা রাখল তারা।
আফগান সূত্র জানাচ্ছে, হামলায় চিনের তৈরি পাকিস্তানের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান দাবি করেছে তারা কয়েকটি ড্রোন রুখে দিয়েছে, তবে চকললা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী নিশ্চিত করেছে যে তালিবানি ড্রোন লক্ষ্যভেদে সফল হয়েছে। পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনাকে ‘রেড লাইন’ অতিক্রম করা বলে হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্ত সংঘর্ষ আর পাল্টাপাল্টি ড্রোন হামলায় দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা এখন সময়ের অপেক্ষা।