আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে একটি বেসরকারি বিমান সংস্থার জ্বালানি ডিপোতে পাকিস্তানের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ তুলল তালিবান সরকার। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের দাবি, পাকিস্তান শুধু কান্দাহারেই নয়, কাবুলেও আক্রমণ চালিয়েছে। এই হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
মুজাহিদের অভিযোগ, কান্দাহারের ওই জ্বালানি ডিপোটি ‘ক্যাম এয়ার’-এর, যা সাধারণ বিমান এবং জাতিসংঘের বিমানে জ্বালানি সরবরাহ করে থাকে। তালিবান সাফ জানিয়ে দিয়েছে, এই আগ্রাসন তারা কোনোভাবেই সহ্য করবে না এবং এর যোগ্য জবাব দেওয়া হবে। তবে পাকিস্তান সেনাবাহিনী বা সেদেশের সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মাস থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে অস্থিরতা চলছে। পাকিস্তান দাবি করে আসছে, আফগানিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি রয়েছে এবং সেখান থেকেই তাদের দেশে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, তালিবান সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করেছে। চীন এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালালেও, সাম্প্রতিক এই হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ফের ঘোলাটে হয়ে উঠেছে।