শান্তি আলোচনার টেবিলে ব্যর্থতা! জইশ-ই-মহম্মদের প্রতিনিধি দলের সঙ্গে আফগান সরকারের আলোচনা ভেস্তে যাওয়ার পরই ফের আফগানিস্তানের ওপর ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার মধ্যরাতে কাবুল, কান্দাহার এবং পাকতিকা প্রদেশের আবাসিক এলাকা লক্ষ্য করে পাক বায়ুসেনার বোমাবর্ষণে এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খলিল জাদরান জানিয়েছেন, এই হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কান্দাহারে প্রশাসনের শীর্ষ নেতার বাসস্থানের পাশাপাশি পাকতিয়া ও পাকতিকার সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে পাকসেনা। রাষ্ট্রপুঞ্জের মিশন (UNAMA)-এর তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যেই পাক অভিযানে ৫৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৪ জনই শিশু। যুদ্ধের ভয়াবহতায় প্রায় ১,১৫,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।