আপনি সেনাকে দেখে পালিয়েছেন,” মমতাকে শুভেন্দুর কড়া আক্রমণ

কলকাতার মেয়ো রোডে প্রাক্তন সেনাকর্মীদের ধর্না মঞ্চে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গিয়েছেন।” একই সঙ্গে তিনি ফের মুখ্যমন্ত্রীকে “দেশবিরোধী” ও “সেনা বিরোধী” বলে মন্তব্য করেন।

আদালতের নির্দেশ অমান্য? শুভেন্দুর যুক্তি
গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সরিয়ে ফেলার ঘটনায় ভারতীয় সেনার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীরা ধর্নায় বসার সিদ্ধান্ত নেন। প্রথমে পুলিশ অনুমতি না দিলেও, কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দেয়। শর্ত ছিল, কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে যোগ দিতে পারবেন না। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমি কোনও দলের নেতা হিসেবে নয়, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি। কোর্টের নির্দেশ অমান্য করার কোনও প্রশ্নই ওঠে না।”

“টুকরে-টুকরে গ্যাং”-এর সঙ্গে তুলনা
শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ এমন যে তিনি যেন এক আলাদা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তিনি আরও দাবি করেন, ভারতীয় সেনাকে চীন ও পাকিস্তান পর্যন্ত ভয় পায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা পালিয়ে যাবেন, এটা হাস্যকর। তিনি মমতার আচরণকে দেশের “টুকরে-টুকরে গ্যাং”-এর সঙ্গে তুলনা করেন।

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাব মানুষ দেবে।” তিনি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।