‘আপনি ভারত-ইজরায়েলের আসল হিরো!’ দুবাই ফ্লাইটের রোমহর্ষক ঘটনা শুনে পাইলট স্মিতকে সসম্মানে আমন্ত্রণ নেতানিয়াহুর।

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে ঘটে যাওয়া এক রোমহর্ষক ও লোমহর্ষক ঘটনার পর এবার খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ফোন করে সাহসিকতার জন্য সাধুবাদ জানালেন ভারতীয় বংশোদ্ভূত পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে। বিমানটির ককপিটে ঘটে যাওয়া সেই ভয়াবহ মুহূর্তগুলোর কথা স্মরণ করে স্মিতকে ‘হিরো’ আখ্যা দিয়ে ইজরায়েলের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভ উড়ে যাওয়ার সময় ফ্লাই দুবাইয়ের ওই বিমানের ককপিটে আকস্মিক হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর ওপর হামলা চালায় ওই ফ্লাইটেরই কো-পাইলট ওমানের বাসিন্দা হামাম আল হাম্মামি। বিমানটি ভেঙে ফেলার উদ্দেশ্যেই সে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছিল। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুরো ঘটনাটি খুটিয়ে বর্ণনা করেন স্মিত। তিনি জানান, ফ্লাইট একদম স্বাভাবিকভাবেই চলছিল। হুট করেই কো-পাইলট প্রার্থনা করার ইচ্ছাপ্রকাশ করে। সে প্রার্থনা করার সময় সম্মান প্রদর্শন করে স্মিত সামনের দিকে তাকিয়ে ছিলেন। ঠিক সেই মুহূর্তেই তাঁর মাথার পেছনে অতর্কিত ও অত্যন্ত জোরে আঘাত করা হয়। প্রথমে বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরপর একাধিক আঘাত আসায় স্মিত বুঝতে পারেন যে বিপদ বাইরে নয়, বরং তাঁর ঠিক পাশেই ওঁত পেতে রয়েছে।
গুরুতর আহত হওয়ার কারণে স্মিতের দৃষ্টি দ্রুত ঝাপসা হয়ে আসে এবং বিমানটি নিচে নামতে শুরু করে। হামলাকারী ককপিটের দরজা বন্ধ করে দিলেও নিজের চরম সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জোরে স্মিত তা খুলে ফেলতে সক্ষম হন। যাত্রীদের আর্তনাদ আর কোলাহলের মধ্যে বিমানটির ডিউটিতে না থাকা অন্য দুই পাইলট ও ক্রু সদস্যরা মিলে হামলাকারী কো-পাইলটকে কোনোমতে কাবু করেন। পরে তাঁদের প্রচেষ্টাতেই বিমানটি নিরাপদে অবতরণ করে এবং রক্ষা পায় প্রায় ১৮০ জন যাত্রীর প্রাণ।
ফোনালাপে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, “ইজরায়েলি যাত্রীদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনেছি। আপনি প্রমাণ করে দিয়েছেন বিপদ যত বড়ই হোক, একজন সাহসী পাইলট ও যাত্রীরা চাইলে তা রুখে দিতে পারে। আপনি ভারত ও ইজরায়েলের পাশাপাশি গোটা বিশ্বের কাছেই একজন সত্যিকারের হিরো।” আগামী দিনে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করার জন্য স্মিতকে আমন্ত্রণ জানানো হয়েছে। নেতানিয়াহুর এই উষ্ণ অভ্যর্থনা ও ফোন কল বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।