দেয়ালে তরতর করে চড়ে বেড়ানো বা লাইটের পাশে পোকা ধরার অপেক্ষায় ওত পেতে থাকা টিকটিকি আমাদের অতি পরিচিত। কিন্তু এদের ডিম পাড়ার জায়গাটি বেশ রহস্যময়। এরা সাধারণত উষ্ণতা এবং নিরাপত্তা খোঁজে। তাই দেয়ালের টিউবলাইট বা এলইডিসি লাইটের পেছনে এদের যাতায়াত বেশি। কিন্তু ডিম পাড়ার জন্য এরা বেছে নেয় এমন সব জায়গা, যেখানে মানুষের হাত পৌঁছায় না বললেই চলে।
টিকটিকিরা সাধারণত নিরিবিলি এবং শুকনো জায়গা পছন্দ করে। আপনার ঘরের আলমারি বা ক্যাবিনেটের পেছনে, দেয়ালের ফাটলে, বইয়ের তাকের নিচে কিংবা দেয়ালে টাঙানো ছবির ফ্রেমের পেছনে এরা ডিম পাড়ে। এমনকি দীর্ঘদিনের অব্যবহৃত বাক্সের ভেতরেও এদের সাদা রঙের চুনী গুলির মতো ডিমের দেখা মিলতে পারে। এরা একবারে দুটি করে ডিম পাড়ে, যা বেশ শক্ত হয় এবং পাখির ডিমের মতো সহজে ভেঙে যায় না।
উষ্ণ আবহাওয়ায় প্রায় ৩০ থেকে ৬০ দিন সময় লাগে ডিম ফুটে বাচ্চা বের হতে। জন্মের সময় এরা মাত্র ১ সেন্টিমিটার লম্বা হলেও খুব দ্রুত বেড়ে ওঠে এবং বাবা-মায়ের সাহায্য ছাড়াই আত্মরক্ষা করতে শেখে। আমাদের চোখের সামনেই অথচ আমাদের নজর এড়িয়ে ঘরের কোণে এভাবেই নিজের সুখের সংসার সাজিয়ে নেয় এই খুদে সরীসৃপেরা।