‘আধার নেই,’ দুয়ারে সরকার থেকেই ব্যবস্থা, ভোটার তালিকা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

অক্টোবর মাস থেকে দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বৈধ নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির মঞ্চ থেকে তিনি জেলাশাসকদের দ্রুত আধার কার্ড তৈরির নির্দেশ দিয়েছেন।
আধার কার্ড নিয়ে কেন এত তৎপরতা?
মুখ্যমন্ত্রী বলেন, “আমি জেলাশাসককে বলব, যাদের আধার কার্ড নেই, তাদের দ্রুত আধার কার্ড করে দিতে হবে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আধার কার্ডের জন্য যে আবেদনগুলো জমা পড়বে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে।” তার এই বার্তা যে রাজ্যের সব জেলাশাসকদের জন্য প্রযোজ্য, তা স্পষ্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভোটার তালিকায় নাম আছে কি না, তা আগামী ৬-৭ মাস ধরে নিয়মিত দেখতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভোটার তালিকায় নাম না থাকলেই এরা (বিজেপি) বলবে এনআরসি করিয়ে দাও। এদের আমি বিশ্বাস করি না।”
এসএসসি নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা
পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষা নিয়েও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “আদালতের নির্দেশে পরীক্ষা হচ্ছে। আইনজীবীরা আইনি পরামর্শ নিচ্ছেন। আইনি জটিলতা কেটে গেলেই আমরা সকলের সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি আইনত কিছু বলা সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন যে, যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তখনই একদল লোক আদালতে চলে যায়। তার কথায়, “আমি তো চাকরি দিতে চাই, কিন্তু ওরা চাকরি খেতে চায়। ভোটে না পেরে কোর্টে যায়।”