আজ সন্ধেয় ভাগ্য পরীক্ষা ১০ লক্ষ ভোটারের! প্রকাশ হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, তুঙ্গে উত্তেজনা

রাজ্য রাজনীতিতে এখন চরম উৎকণ্ঠা। আজ সন্ধেবেলাই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ নাম প্রকাশিত হলেও, বাদ পড়তে পারে প্রায় ১০ লক্ষ মানুষের নাম। এই তালিকা প্রকাশের মুখেই মালদার চাঁচলে এক বিএলও (BLO)-র আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উৎপল থোকদার। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার স্ক্রুটিনি ও নামের কাটছাঁট নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন তিনি, যার জেরে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ তালিকা প্রকাশের পর তা প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে যাবে এবং পরে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। অনলাইনেও দেখা যাবে এই তালিকা। যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের জন্য আলাদা তালিকা থাকবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন, যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের সবরকম আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস। আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের কথা রয়েছে।

এদিকে, তালিকা প্রকাশকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় সতর্ক নবান্ন। মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও মালদায় অতিরিক্ত রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। আজ সকালেই রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। বিকেল ৩টেয় দিল্লির জাতীয় নির্বাচন কমিশনও জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করবে। আসন্ন রামনবমী ও ভোট পূর্ববর্তী আইনশৃঙ্খলা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।