আজ বিকেলেই ভোটের ডঙ্কা! বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে কমিশন

অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। আজ, ১৫ মার্চ ২০২৬, রবিবার বিকেলেই বাংলা-সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এদিন বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে একটি মেগা সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

বাংলার রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ভোট কি আগের মতোই লম্বা দফায় হবে? সূত্রের খবর, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন বড়সড় নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। গত কয়েক দিনের বিক্ষিপ্ত হিংসা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং দফার সংখ্যা নিয়ে কমিশনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ বিকেল ৪টেয় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথেই গোটা রাজ্যে জারি হয়ে যাবে ‘আদর্শ আচরণবিধি’ (Model Code of Conduct)।

রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন এক বা দুই দফায় ভোটের পক্ষপাতি, সেখানে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর পাহাড়ায় দফাওয়ারি ভোটের দাবিতে অনড়। কমিশন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে দফায় দফায় ভোট করানো হতে পারে। আজ বিকেলের সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট হয়ে যাবে কবে থেকে শুরু হচ্ছে গণতন্ত্রের এই উৎসব এবং কত তারিখেই বা ঘোষণা হবে ফলাফল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy