আজ কলকাতায় মোদি, রাজভবনে রাত, ভোটের আগে কি কোনও গোপন রাজনৈতিক বার্তা?

ভোটের দামামা বাজার আগেই ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার কলকাতায় এসে পৌঁছবেন তিনি এবং রাজভবনে রাত্রিবাস করবেন। তাঁর এই ঘন ঘন বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই সফরটি প্রশাসনিক কর্মসূচির অংশ হিসেবে দেখানো হচ্ছে, তবে এর আড়ালে কোনও রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি যাবেন রাজভবনে। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, যেখানে তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা এবং সিডিএস অনিল চৌহানও উপস্থিত থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, এই সফর দেশের নিরাপত্তার ক্ষেত্রে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই এটি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটেও গভীর প্রভাব ফেলবে। অনেকেরই ধারণা, এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদি কি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর।

গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই প্রশাসনিক কর্মসূচির বাইরেও এই সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যের মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই সফরের দিকেই তাকিয়ে আছেন, কারণ ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।