‘আচমকা বুকে ব্যথা,’ ৫০ কলেজ পড়ুয়ার প্রাণ বাঁচাতে বাস থামিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক! অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক ঘটনা

অন্ধ্রপ্রদেশের ড. বিআর আম্বেদকর কোণাসীমা জেলায় এক মর্মান্তিক ঘটনায় বৃদ্ধ বাস চালকের দায়িত্বজ্ঞান ও সাহসিকতায় রক্ষা পেলেন প্রায় ৫০ জন কলেজ পড়ুয়ার প্রাণ। সোমবার সকালে স্টিয়ারিংয়ে হাত রেখেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন ওই চালক, কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি বাসটিকে রাস্তার একধারে থামিয়ে দেন।

মৃত্যুর মুখে অসামান্য বুদ্ধি: পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাস চালকের নাম দেন্দুকোরি নারায়াণা রাজু। তিনি রাজা মহেন্দ্রভরম গেটস ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের নিয়ে বাসটি চালাচ্ছিলেন। আলামুরু মণ্ডলের মাদিকীর কাছে জাতীয় সড়কে বাস চালাতে চালাতেই আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন।

বিপদ আসন্ন বুঝে সামান্যতম ঝুঁকি না নিয়ে তিনি তৎক্ষণাৎ দ্রুত গতিতে চলতে থাকা বাসটি নিরাপদে রাস্তার একপাশে থামিয়ে দেন। বাস পুরোপুরি থামার পরই তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এবং দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উদ্ধার ও প্রতিক্রিয়া: বাস চালকের এমন অসুস্থতা টের পেয়েই কলেজ পড়ুয়ারা দ্রুত হাইওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেন্দুকোরি নারায়াণা রাজুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অসুস্থতার চরম মুহূর্তেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ৫০ জন ছাত্রছাত্রীর জীবন রক্ষা করায় কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় মহলে শোকের পাশাপাশি বিস্ময়ও প্রকাশ করা হয়েছে। অনেকেই বলছেন, মৃত্যুর আগ মুহূর্তে চালকের এই বুদ্ধিমত্তাই একটি ভয়ঙ্কর দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে।