আকাশে বিরল ‘সূর্য বলয়’ দেখে অবাক সুন্দরবনের স্কুল শিক্ষার্থীরা, কি এই ‘সূর্য বলয়’? কেন দেখা যায়?

স্কুলের কচিকাঁচারা মঙ্গলবার আকাশে এক বিরল দৃশ্যের সাক্ষী হলো। সকালে ক্লাসে ঢোকার মুখে হঠাৎ আকাশে চোখ পড়তেই তারা অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ, এমন দৃশ্য তারা আগে কখনও দেখেনি। পরে শিক্ষকরা এসে তাদের বুঝিয়ে দিলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং একটি বিশেষ মহাজাগতিক দৃশ্য।

মঙ্গলবার বেলা প্রায় পৌনে ১১টা নাগাদ সুন্দরবনের উপকূলের আকাশে একটি বিরল ‘সূর্য বলয়’ দেখা যায়। এই বলয়টি প্রায় দশ মিনিট স্থায়ী ছিল এবং তা দেখতে স্থানীয় কৌতুহলী বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্বাভাবিকভাবেই, স্কুলের ছাত্রছাত্রীরাও এই দৃশ্য দেখে উৎসাহিত হয়ে পড়ে এবং তারাও ক্লাস থেকে বেরিয়ে আসে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর সুন্দরবনের আকাশ রোদ ঝলমলে ছিল এবং ঠিক তখনই এই সূর্য বলয় দেখা দেয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত বলেন, “স্কুলে আসছিলাম তখন প্রায় পৌনে এগারোটা বাজে। হঠাৎ দেখি ছেলেমেয়েরা কৌতূহল চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। ওদের কাছে যেতেই বলছে, ‘স্যার দেখুন, আকাশে কী!’ আমি বললাম, এটাকে সূর্য বলয় বলে। আমাদের সৌভাগ্য যে অনেক দিন পর এই বলয় দেখতে পেলাম। প্রায় দশ মিনিটের বেশি সময় ধরে এটি ছিল।”

‘সূর্য বলয়’ কী?
সূর্যের চারদিকে ২২ ডিগ্রি কোণ করে যে বৃত্তাকার বলয় দেখা যায়, তাকেই ‘সূর্য বলয়’ বলা হয়। এটি মূলত বায়ুমণ্ডলের স্তরে থাকা বরফের কণার মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিফলিত এবং প্রতিসরিত হওয়ার কারণে তৈরি হয়। এই বিশেষ ধরনের বায়ুমণ্ডলীয় অবস্থা এবং আলোর প্রতিফলনের ফলেই আকাশে এমন একটি সুন্দর বৃত্তাকার আকৃতি তৈরি হয়।