আকাশসীমা লঙ্ঘন! দিল্লি-অমৃতসর রুটের এয়ার ইন্ডিয়ার বিমান ঢুকল পাকিস্তানে, তুঙ্গে চাঞ্চল্য

দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আচমকাই ঢুকে পড়ল প্রতিবেশী দেশ পাকিস্তানের আকাশসীমায়। সোমবার রাতের এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানটির পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বিষয়টি নজরে আসতেই লাহৌর এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে পাইলটকে সতর্কবার্তা পাঠানো হয়। দ্রুত সতর্ক হয়ে বিমানটি ফের ভারতের আকাশসীমায় ফিরে আসে।
ঠিক কী ঘটেছিল সোমবার রাতে?
এয়ার ইন্ডিয়ার Airbus A321 (AI 479) বিমানটি সোমবার রাত ৯টা বেজে ১৮ মিনিট নাগাদ দিল্লি থেকে যাত্রা শুরু করে। অমৃতসরের শ্রী গুরু রামদাসজী আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণের কথা ছিল। কিন্তু অমৃতসর বিমানবন্দরের আকাশে অতিরিক্ত যানজটের কারণে বিমানটিকে ‘হোল্ডিং প্যাটার্নে’ (আকাশে চক্কর কাটা) থাকতে বলা হয়েছিল। সেই সময় দিকনির্ণয়ের গোলমাল বা বাতাসের চাপে বিমানটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে।
তদন্তে এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ (DGCA)
সূত্রের খবর, প্রায় মিনিট দুয়েকের মতো বিমানটি পাকিস্তানের আকাশসীমায় ছিল। লাহৌর এটিসি-র সতর্কবার্তার পরেই পাইলট বিমানটি ঘুরিয়ে ভারতের আকাশসীমায় নিয়ে আসেন। তবে যানজটের জেরে ওই রাতে বিমানটি অমৃতসরে না নামিয়ে পুনরায় দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর জ্বালানি ভরে বুধবার গভীর রাতে ২টো বেজে ১০ মিনিটে বিমানটি অমৃতসরে অবতরণ করে।
এই ঘটনায় সংশ্লিষ্ট উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটি ডিজিসিএ (DGCA)-কে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, আকাশপথে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই বিমানগুলিকে ফেরানো হয়। তবে এই ঘটনায় বিমানে যাত্রী কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।