হায়দরাবাদ মানেই চোখের সামনে ভেসে ওঠে চারমিনার, বিশ্বখ্যাত বিরিয়ানি কিংবা হাই-টেক সিটির আইটি সাম্রাজ্য। কিন্তু এবার সেই পরিচিতি ছাপিয়ে হায়দরাবাদকে বিশ্বের দরবারে ‘সিনেমা হাব’ হিসেবে প্রতিষ্ঠা করতে কোমর বেঁধে নামছে তেলঙ্গানা সরকার। প্রয়াত চলচ্চিত্র মোঘল রামোজি রাও-এর স্মৃতিচারণ করে এক মেগা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর স্বপ্ন, হায়দরাবাদ কেবল ভারতের নয়, বিশ্বের বৃহত্তম ফিল্ম প্রোডাকশন সিটি হয়ে উঠুক।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতকাল হায়দরাবাদের পরিচয় ছিল তথ্যপ্রযুক্তি এবং বড় শিল্প কারখানাকে কেন্দ্র করে। কিন্তু রামোজি ফিল্ম সিটির যে ভিত রামোজি রাও তৈরি করে গিয়েছেন, তাকেই এবার সরকারি স্তরে আরও বড় রূপ দেওয়া হবে। রেবন্ত রেড্ডির পরিকল্পনায় রয়েছে অত্যাধুনিক স্টুডিও, এআই-চালিত পোস্ট-প্রডাকশন সুবিধা এবং আন্তর্জাতিক মানের শুটিং লোকেশন তৈরি করা। এর ফলে কেবল কর্মসংস্থানই বাড়বে না, বিদেশি পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রেও হায়দরাবাদ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আইটি হাবের পর এবার ‘ফিল্ম ক্যাপিটাল’ হিসেবে হায়দরাবাদের এই উত্তরণ এখন কেবল সময়ের অপেক্ষা।