অ্যাপ ক্যাব চালক-ডেলিভারি এজেন্টদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, নতুন শ্রম কোডে ইন্স্যুরেন্স ও সামাজিক সুরক্ষার সুবিধা!

দেশের কর্মজগতে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। স্বাধীনতার পর এই প্রথম শ্রম আইনে বড়সড় সংস্কার আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার পুরোনো ২৯টি আইন বাতিল করে নতুন চারটি শ্রম কোড (New Labour Code) কার্যকর করেছে, যা কর্মীদের বেতন, গ্র্যাচুইটি, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।
গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের স্বীকৃতি: এই নতুন শ্রম কোডে প্রথমবার গিগ ওয়ার্কার (Gig Worker) এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের আইনি স্বীকৃতি দেওয়া হলো। এর মধ্যে রয়েছেন অ্যাপ-ভিত্তিক ডেলিভারি এজেন্ট, গাড়ির চালক, সার্ভিস প্ল্যাটফর্ম স্টাফ এবং ফ্রিল্যান্সাররা।
এবার থেকে অ্যাপ অ্যাগ্রিগেটর সংস্থাগুলিকে তাদের কর্মীদের ইন্স্যুরেন্স, স্বাস্থ্য সুরক্ষা, বিশেষভাবে সক্ষম হলে সাহায্য এবং বয়সকালীন সুবিধার মতো সামাজিক নিরাপত্তা প্রদান করতে হবে। এটি দেশের কয়েক কোটি অসংগঠিত কর্মীর জন্য ঐতিহাসিক সুরক্ষা নিশ্চিত করবে।
গ্র্যাচুইটি ও বেতনের নিয়মে বড় পরিবর্তন:
১ বছরেই গ্র্যাচুইটি: নতুন নিয়মে গ্র্যাচুইটির ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এবার থেকে আর পাঁচ বছর নয়, মাত্র এক বছর চাকরি করলেই কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা পাবেন।
বেতন ও ওভারটাইম: কর্মীদের একটি নির্দিষ্ট ন্যূনতম বেতন দিতে হবে। পাশাপাশি, ওভারটাইম করলে তার জন্য অতিরিক্ত পারিশ্রমিক বা টাকা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অসংগঠিত কর্মীদের জন্য একটি নতুন জাতীয় স্তরের ডেটাবেস তৈরি করা হবে। এই ডেটাবেসে সমস্ত কর্মীদের দক্ষতা, তাদের চাকরির ইতিহাস এবং যাবতীয় সুযোগ-সুবিধা রেকর্ড করে রাখা হবে, যা ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে।