অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি! লাঞ্ছিতদেরই দোষ দিলেন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়, বিতর্কে উত্তাল রাজ্য-দেশ

বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় এবার নতুন বিতর্কের জন্ম দিলেন। ইন্দোরে যৌন লাঞ্ছনার শিকার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের দিকেই পাল্টা আঙুল তুলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। মন্ত্রীর মন্তব্যে সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে, অনেকেই প্রশ্ন তুলেছেন – ‘তাহলে আর আফগানিস্তান বা পাকিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য রইল কোথায়?’
গত শুক্রবার ইন্দোরে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট টিমের দুই সদস্য হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় এক তরুণ মোটরবাইকে এসে উদ্দেশ্যমূলকভাবে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ এবং পথচারীর তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই তরুণকে গ্রেফতার করে।
আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনার ঝড়
স্বচ্ছ ভারত প্রকল্পে দেশের পরিছন্নতম শহরের মর্যাদা পাওয়া ইন্দোরে দিনের বেলায় এই ধরনের লাঞ্ছনার ঘটনায় মধ্যপ্রদেশের (বিজেপি শাসিত) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিরোধীদের বক্তব্য, এই ঘটনায় গোটা বিশ্বের কাছে দেশের সম্মানহানি হয়েছে। ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়রা হয়তো নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে সফরে আসতে বাধ্য হবেন।
লাঞ্ছিতদের দিকেই আঙুল তুললেন মন্ত্রী
বিরোধীদের লাগাতার সমালোচনার মুখে সরকার এবং নিজের ব্যর্থতা আড়াল করতে রাজ্যের প্রবীণ মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় চরম বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি পাল্টা লাঞ্ছিত ক্রিকেটারদের দিকে আঙুল তুলে বলেন, ওই ক্রিকেটারদের উচিত ছিল বাইরে বেরোনোর আগে হোটেল কর্তৃপক্ষ কিংবা টিম ম্যানেজারকে জানিয়ে যাওয়া। তাহলে তাঁদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লোকজনকে দেওয়া যেতে পারত।
মন্ত্রীর এই মন্তব্যে বিরোধী দলগুলির পাশাপাশি ইন্দোরবাসীও বিরক্ত। তাঁদের বক্তব্য, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হলো যে দুষ্কৃতীরা প্রকাশ্য রাস্তায় বিদেশি নারীকে লাঞ্ছিত করার সাহস পায়? মন্ত্রীর সরকার এই ব্যর্থতাকে আড়াল করতে লাঞ্ছিতদের দুষছেন, যা দেশের ভাবমূর্তি আরও বিপন্ন করছে।
সূত্রের খবর, দলের প্রবীণ নেতা ও জাতীয় কর্ম সমিতির সদস্য হওয়া সত্ত্বেও মন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিজেপি নেতৃত্বও অসন্তুষ্ট। তাঁর এই ধরনের ব্যাখ্যা এবং ঘটনাটিকে লঘু করে দেখার প্রচেষ্টাকে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। বিজয়বর্গীয় অবশ্য এখনও পর্যন্ত নিজের বক্তব্য থেকে সরেননি।