আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, এবার প্রার্থী তালিকায় এক বিরাট রদবদল ঘটাতে চলেছে গেরুয়া শিবির। যে সমস্ত বর্তমান বিধায়কের বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ বা পারফরম্যান্সে ঘাটতি রয়েছে, তাঁদের আর টিকিট না দেওয়ার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে প্রায় ২৫-৩০টি নতুন মুখ সামনে আনতে পারে দল।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বেই এই নির্বাচনী লড়াই লড়বে বিজেপি। জানা গেছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। দলের প্রচার কৌশলকে মূলত ‘ম্যাক্রো’ এবং ‘মাইক্রো’—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়ন, হিন্দুত্ব এবং নারী ক্ষমতায়নের পাশাপাশি কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে দেখা যাবে বিজেপিকে।
তৃণমূল স্তরে চা শ্রমিক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যার মতো প্রায় ১০০টি স্থানীয় ইস্যুকে চিহ্নিত করেছে সরকার। এছাড়া প্রচারের তেজ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৮ থেকে ১০টি জনসভার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি।