অসমের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প ঘটে গেল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। নির্বাচনের আগে হেভিওয়েট এই নেতার দলবদল কংগ্রেসের কাছে যে এক অপূরণীয় ক্ষতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে। হিমন্তর রাজ্যে এখন আক্ষরিক অর্থেই ‘পদ্মে বসন্ত’ শুরু হয়েছে।
বিজেপিতে যোগ দিয়েই ভূপেন বোরা জানান, দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের শরিক হতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে অসমের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভূপেন বোরার এই পদক্ষেপে অসমের বহু কংগ্রেস কর্মী ও নেতা এখন বিজেপির পথে পা বাড়াতে পারেন। উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অসমে এখন অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়ে গেল। বিরোধীরা যখন জোট বাঁধার চেষ্টা করছে, ঠিক সেই সময় প্রদেশ সভাপতির মতো শীর্ষ নেতার দলবদল অসমের কংগ্রেসকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিল বলেই মনে করা হচ্ছে।