অষ্টম কেন্দ্রীয় পে কমিশন (8th Pay Commission) গঠনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই খুশির হাওয়া ১ কোটি ১৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের পরিবারে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, বেতন সংশোধনের প্রক্রিয়াটি এখন উচ্চ-পর্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিশন ইতিমধ্যেই দিল্লির চন্দরলোক বিল্ডিং থেকে কাজ শুরু করেছে।
কবে বাড়বে বেতন?
সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেই অনুযায়ী, অষ্টম পে কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। যদিও চূড়ান্ত রিপোর্ট জমা দিতে ২০২৭ সালের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে, তবে সমস্ত কর্মচারী ১ জানুয়ারি ২০২৬ থেকেই বকেয়া বা এরিয়ার (Arrears) সহ বর্ধিত বেতন পাবেন।
কতটা বাড়তে পারে বেতন ও পেনশন?
কর্মচারী ইউনিয়নগুলি দাবি জানিয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থেকে বাড়িয়ে ৩.২৫ করতে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে সর্বনিম্ন বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে একলাফে প্রায় ৫৮,৫০০ টাকা হতে পারে। একইভাবে পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ২৫,০০০ টাকার বেশি। বর্তমানে MyGov.in পোর্টালে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এরই মাঝে সাইবার প্রতারণা থেকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক; হোয়াটসঅ্যাপে আসা কোনো ভুয়ো ‘স্যালারি ক্যালকুলেটর’ বা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।