অলৌকিক বাঁচা! বাড়ি ধসের ২ ঘণ্টা আগেই অদ্ভুত ইশারা, ধ্বংসস্তূপ খুঁড়ে যা বেরোল দেখে চোখ কপালে সবার

উত্তরপ্রদেশের কানপুর জেলা থেকে এক অবিশ্বাস্য, মর্মান্তিক অথচ অলৌকিক ঘটনার খবর সামনে এসেছে, যা দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা। কোতোয়ালি থানার অন্তর্গত ব্যস্ত বেঙ্গলি মহল্লায় সোমবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে প্রায় ৯০ বছরের পুরনো একটি চারতলা জরাজীর্ণ বাড়ি হহুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ধসে পড়ে। তবে সবথেকে বড় স্বস্তির এবং বিস্ময়ের বিষয় হলো, এত বড় একটি ভয়াবহ দুর্ঘটনায় সামান্যতমও প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ, বাড়িটি ভেঙে পড়ার ঠিক দুই ঘণ্টা আগেই এক অলৌকিক ইশারায় পরিবারের সকল সদস্য বাড়িটি নিরাপদে ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, ধ্বংসস্তূপের স্তূপীকৃত ইটের নীচ থেকে পরিবারের পোষ্য কুকুর, খরগোশ এবং দেবীর একটি আস্ত ৬ ফুট উঁচু মূর্তি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জল সরবরাহ কর্মী বেদ প্রকাশ মিশ্রের এই পৈতৃক চারতলা বাড়িটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাড়ির নিচতলায় একটি সুপ্রাচীন দেবী দুর্গার মন্দির ছিল, যেখানে বংশপরম্পরায় পুজো হয়ে আসছে। বর্তমানে মীরা দেবী নামের এক প্রবীণা এই মন্দিরের দেখভাল করতেন। মীরা দেবীর দাবি, সোমবার সন্ধ্যার ঠিক আগে আরতির সময় তিনি হঠাৎ এক অদ্ভুত অন্তর্নিহিত অনুভূতি পান, যেন কেউ তাঁকে অবিলম্বে বাড়ি খালি করে দিতে বলছেন। এর ঠিক পরেই রাত ৯টার দিকে আকস্মিক বানরের লাফালাফিতে বাড়ির বারান্দার একটি অংশ ভেঙে পড়ে। এই অশুভ সঙ্কেতকে গুরুত্ব দিয়ে পরিবার কোনো ঝুঁকি না নিয়ে পোষ্যদের নিয়ে তৎক্ষণাৎ নিরাপদ আশ্রয়ে চলে যান।
এরপর রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে জরাজীর্ণ চারতলা বাড়িটি সম্পূর্ণ মাটিতে মিশে যায়। কিন্তু মঙ্গলবার সকালে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখে, ধ্বংসস্তূপের মাঝে অলৌকিকভাবে দেবী দুর্গার ৬ ফুট উঁচু মূর্তিটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। পরিবারের সদস্যরা একে স্বয়ং মা দুর্গার কৃপা ও অলৌকিক আশীর্বাদ হিসেবে দেখছেন। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এবং বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু করে। অন্যদিকে, কানপুর সংলগ্ন উন্নাও জেলার সফিপুর থানা এলাকায় প্রবল বৃষ্টির জেরে আরেকটি জরাজীর্ণ মাটির দেয়াল ভেঙে পড়ে ৮০ বছরের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আইনি জটিলতার কারণে দেয়াল মেরামত না হওয়ায় এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।