অযোধ্যা রাম মন্দিরে কোটি টাকার দান চুরির অভিযোগ! কাঠগড়ায় খোদ ট্রাস্টের ঘনিষ্ঠরা

রাম মন্দিরের দান বাক্সে জমা পড়া কোটি কোটি টাকার অনুদান নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। রামভক্তদের বিশ্বাসে আঘাত হেনে মন্দিরের দান চুরি ও অর্থ তছরুপের অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের ঘনিষ্ঠ সহযোগীরা। এসআইটি-র প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে এফআইআর।
জানা গেছে, মন্দিরের দানবাক্স থেকে প্রতিদিন গড়ে ৪২ লক্ষ টাকা সংগ্রহ হয়। এই বিশাল অংকের টাকার হিসেব রাখতে গিয়েই বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ। ট্রাস্টের প্রাক্তন অ্যাকাউন্ট ইনচার্জ মহিপাল সিং দাবি করেছেন, সোনা-রুপোর গহনা ও নগদ অর্থের সঠিক রেকর্ড রাখা হতো না। এই চুরির নেপথ্যে ট্রাস্টের বড় কর্মকর্তাদের হাত রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে পুলিশ ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চম্পত রায়ের প্রাক্তন ড্রাইভার ও সহযোগী টিন্টু ওরফে রামশঙ্কর যাদব অন্যতম।
অভিযুক্তদের বিরুদ্ধে বিএসএস (BNS)-এর বিভিন্ন কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। যোগী সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং একটি বিশেষ তদন্তকারী দল (SIT) পুরো বিষয়টি খতিয়ে দেখছে। রামলালার মন্দিরে ভক্তদের দেওয়া অর্থ নিয়ে এমন ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে নগদ টাকা ও বিপুল সম্পত্তির তথ্য মিলছে। তদন্তের জাল যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে এই সুপরিকল্পিত দুর্নীতির জাল।