অযোধ্যায় পৌঁছে রাম মন্দিরের ‘চাঁদা চুরি’ নিয়ে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল!

রাম মন্দির চত্বরে দাঁড়িয়ে চাঁদা কেলেঙ্কারির বিরুদ্ধে সুর চড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আজ অযোধ্যায় পৌঁছে রামলালার দর্শন করেন তিনি। এরপরই কেজরিওয়াল এক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “রাম মন্দিরের দান থেকে যারা চুরি করেছে, তারা মহাপাপ করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই অপরাধীদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।” কেজরিওয়ালের সাথে এদিন উপস্থিত ছিলেন সাংসদ সঞ্জয় সিং সহ আপের বহু কর্মী, যারা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

এই বিতর্কিত বিষয়টি নিয়ে পালটা জবাব দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজেপি সাংসদ দীনেশ শর্মা বিরোধীদের আক্রমণ করে বলেন, “অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট নিজেই এই বিষয়ে এফআইআর দায়ের করেছিল। ইতিমধ্যে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই বিরোধীদের হাতে এখন আর কোনো ইস্যু নেই। সরকার স্বচ্ছতার সাথেই তদন্ত চালাচ্ছে।” উল্লেখ্য, গত ২৫ জুন রাম মন্দিরে পাওয়া অনুদানে দুর্নীতির অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। কেজরিওয়ালের এই সফর ও বক্তব্য নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে।