অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের কটি এফআইআর? বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। চাকরি ও জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ঠিক কতগুলি এফআইআর দায়ের হয়েছে, সেই সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট রাজ্য পুলিশের ডিজির কাছে তলব করেছে আদালত। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতুবির নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশ কোনও ধরনের কড়া পদক্ষেপ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখার পরই এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। বিচারপতির নির্দেশ অনুযায়ী, এর মধ্যে পুলিশ যদি কোনও পদক্ষেপ করে, তবে সুমিত রায় সরাসরি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

আদালতে সুমিতের আইনজীবী জানান, গত ৫ জুন প্রথম এবং ১৬ জুন দ্বিতীয় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এমনকী তদন্তে সবরকম সহযোগিতা করে ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার দফতরে আটবার হাজিরা দিয়েছেন সুমিত। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন, সুমিতের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছে। আপাতত আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।